দেশি ফল আর গানে প্রেস ক্লাবে উৎসবের আমেজ
দেশি ফলের বৈচিত্র্য আর দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ।
শুক্রবার (১৯ জুন) ক্লাবে অনুষ্ঠিত ফল উৎসবে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও ফলের রস আস্বাদনের আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
উৎসবে আম্রপালি, ফজলি ও হাঁড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, করমচা, লটকন, ডেউয়া, জামরুল, তাল, লিচু, কাঠলিচু, সফেদা, তরমুজ, বাঙ্গি, তালের শাঁস, দেশি খেজুরসহ ৪২ ধরনের দেশি ফল প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ফল ও ফলের রস আস্বাদের ব্যবস্থাও ছিল।
এ সময় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক ও জনপ্রিয় গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।
ঢাকা/এমএসবি/এসবি