ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কবি আল মুজাহিদী আর নেই

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৯ জুন ২০২৬  
কবি আল মুজাহিদী আর নেই

আল মুজাহিদী। ছবি সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই।

আরো পড়ুন:

শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কবি আল মুজাহিদীর ছেলে একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাবিব আল মুজাহিদী।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা ১২টার দিকে হার্ট অ্যাটাক হলে সংকটাপন্ন অবস্থায় তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতাল থেকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

চিকিৎসকরা জানান, তার শরীরের গুরুত্বপূর্ণ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছিল না। প্রায় দুই সপ্তাহ ধরে কথা বলতে পারছিলেন না তিনি।

প্রথম জানাজা
শুক্রবার (১৯ জুন) বাদ এশা কবি আল মুজাহিদীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

প্রেম, জীবন ও মৃত্তিকা আল মুজাহিদীর কবিতার মূল বিষয়। কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ ও শিশু-কিশোর মিলিয়ে তার গ্রন্থসংখ্যা প্রায় শতাধিক।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, ‎কবি জসীমউদ্দীন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, ‎শেরে বাংলা সংসদ পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ বহু পুরস্কার পেয়েছেন।

দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়