নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম
‘বাবার ডায়েরি’ নাটকের দৃশ্যে আজিজুল হাকিম
অভিনয়ে এখনো সরব জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। এবার তাকে নিঃস্বার্থ, স্নেহময় ও আত্মত্যাগী এক বাবার চরিত্রে দেখা যাবে। ‘বাবা দিবস’ উপলক্ষে নির্মিত ‘বাবার ডায়েরি’ নাটকে ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
গল্পে আনিস সাহেব জীবনের না-বলা অনুভূতি ও অভিজ্ঞতা লিখে রাখেন একটি ডায়েরিতে। কিন্তু শেষ বয়সে সন্তানের অবহেলা ও মানসিক কষ্টে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন। বাবার মৃত্যুর পর সেই ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করেন তার পুত্র আরমান। তখন অনুশোচনা ছাড়া তার আর কিছুই করার থাকে না।
পারিবারিক ও আবেগঘন এই নাটকের মাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা।
সম্রাট চৌধুরীর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির প্রযোজক মো. নাজমুল হক। এতে আজিজুল হাকিমের পাশাপাশি অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ, তমাল মাহবুব প্রমুখ।
শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
ঢাকা/রাহাত/শান্ত