স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থনের বাস্তব চিত্র যাচাই করতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করা এবং জনগণের সামনে নিজস্ব রাজনৈতিক দর্শন ও কর্মসূচি সরাসরি তুলে ধরার লক্ষ্যেই জোটনির্ভর রাজনীতির বাইরে থাকার কৌশল বেছে নিয়েছে দলটি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রাইজিংবিডি ডটকমকে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচনি পরিচালনা কমিটির সভাপতি সারজিস আলম।
তিনি বলেন, “দল বর্তমানে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রথমত, যেসব এলাকায় এখনো সাংগঠনিক কমিটি গঠন করা হয়নি, সেখানে দ্রুত কমিটি গঠনের কাজ চলছে। দ্বিতীয়ত, আগে থেকে থাকা কমিটিগুলোর কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে নেতাকর্মীদের সক্রিয়তা, পরিশ্রম ও সাংগঠনিক ভূমিকার ভিত্তিতে এসব কমিটি পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে।”
সারজিস আলম বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে যে সংখ্যক আসনে জয়ের সম্ভাবনা থাকত, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে সেই সংখ্যা কমে যেতে পারে। তারপরও দল নিজস্ব সাংগঠনিক শক্তির ওপর ভর করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে একদিকে যেমন প্রতিটি ইউনিটে সাংগঠনিক ভিত্তি তৈরি হবে পাশাপাশি পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য সক্ষমতা যাচাই ও পরিকল্পনা গ্রহণ সহজ হবে।”
ঢাকা/আরএইচ/এসবি
ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত