ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হওয়া মামলায় সাংবাদিক কারাগারে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ১৯ জুন ২০২৬   আপডেট: ২৩:০৯, ১৯ জুন ২০২৬
প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হওয়া মামলায় সাংবাদিক কারাগারে

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া ডিবি পুলিশ।

আরো পড়ুন:

শুক্রবার (১৯ জুন) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা এলাকার জলিল মিয়ার ছেলে।

গত ১৫ জুন বগুড়া আদালতে এই মামলার আবেদন করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।

মামলায় ৪ জুন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভুয়া তথ্য’ প্রকাশ করে ‘ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার’ অভিযোগ আনা হয়।

এছাড়া ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তা–কাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়।

একইভাবে ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে মামলায় আসামি করা হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান বলেন, “গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় নিয়ে এসে বিকেলে আদালতে নেওয়া হয়েছিল। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়।”

প্রতিমন্ত্রীর বিবৃতি
এদিকে, এ ঘটনার পর শুক্রবার (১৯ জুন) রাতে বিবৃতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তার প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়,“সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সবার প্রতি অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।”

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ৪ জনকে নিয়ে উদ্ভূত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেপ্তার করা সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। একই সঙ্গে যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল–বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।”

পাশাপাশি প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঢাকা/এনাম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়