দীর্ঘ ২৩ বছর পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
দীর্ঘ ২৩ বছর পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে নূরুজ্জামান সোহেলকে সভাপতি ও এ কে এম সুজাউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালের পর নানা রাজনৈতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ জটিলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এ সময়ে আংশিক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও তৃণমূলের স্থবিরতা কাটাতে এবার বড় পরিসরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, ৩২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে নবীন ও প্রবীণ নেতাদের ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করবে।
নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ঢাকা/মিলন/বকুল