মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের এই বাসা থেকে রবিবার মধ্যরাতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার হয়।
সোমবার (১৯ মে) সকালে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান। কী কারণে তারা মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
নিহতরা হলেন- সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং এই দম্পতির ৮ মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন।
মধ্যরাতে মিষ্টির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় তারা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ