রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চায় বাংলাদেশ
জ্বালানি পরিস্থিতি বিষয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্যাংশন ওয়েভার পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে। এখন জবাবের অপেক্ষায় আছে সরকার।”
মনির হোসেন চৌধুরী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংগ্রহে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিকল্প উৎস থেকেও তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারত থেকে জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধ শুরুর আগের চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬০ হাজার মেট্রিক টন তেল পাওয়ার কথা থাকলেও শুরুতে মাত্র ৫ হাজার টন পাওয়া যায়। পরে উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এখন পর্যন্ত ভারত থেকে প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
ইন্দোনেশিয়া থেকে শিগগিরই আরো ৬০ হাজার মেট্রিক টনের দুটি কার্গো আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চলছে।
সরকারি এ কর্মকর্তা আরও জানান, কিছু উৎস থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে। তবে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ পথে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সরকার।
ঢাকা/এএএম/রফিক
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী