ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মসজিদের টাকা নিয়ে ফেরত দিলেন জামায়াত নেতাকর্মীরা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৫, ৩০ মার্চ ২০২৬
মসজিদের টাকা নিয়ে ফেরত দিলেন জামায়াত নেতাকর্মীরা

কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদের সাপ্তাহিক দানের টাকা নিয়ে ফেরত দিয়েছেন জামায়াতের স্থানীয় কয়েকজন নেতাকর্মী। সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনু উজ জামান।

তিনি বলেন, “সকালে টাকা দিয়েছেন তারা। সেই টাকা ব্যাংকে রাখা হয়েছে।”

এর আগে, গত শুক্রবার পদাধিকার বলে মসজিদ কমিটির সভাপতি ইউএনওকে না জানিয়ে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণা করে বলে অভিযোগ মসজিদ কমিটির সদস্যদের।

তবে কমিটি গঠনের বিষয়টি জানা নেই বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয়রা জানান, ঝাউদিয়া শাহী মসজিদটি প্রাচীন হওয়ায় প্রতি সপ্তাহে মানতের জন্য দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসেন। তারা নগদ টাকার পাশাপাশি, গরু, ছাগল মুরগিসহ নানা সামগ্রী দান করেন। এসব সরাসরি নিলামে বিক্রি করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই মসজিদের কমিটিতে পদাধিকার বলে সভাপতি হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে সাপ্তাহিক দানের টাকা সরকারি কোষাগারে জমা হয়। সেই টাকা দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। গত শুক্রবার জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির হায়াত আলী এবং দলটির কর্মী রুহুল আমিন রোকন মসজিদে এসে ইউনিয়ন ভূমি কর্মকর্তা করম আলীর কাছে দানের টাকা দাবি করেন। এখন থেকে তারা মসজিদ কমিটির মাধ্যমে সবকিছু পরিচালনা করবেন বলে জানান। সেই সময় তারা দানের প্রায় ২৬ হাজার টাকা নিয়ে যান। ভূমি কর্মকর্তা টাকা নিয়ে যাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

মসজিদ কমিটির সদস্যরা জানান, ইউএনওর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটি সব কিছু পরিচালনা করে। কিন্তু ইউএনওকে না জানিয়ে সম্প্রতি ইউনিয়ন জামায়াতের ১৫ নেতাকর্মীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির হায়াত আলীকে। সাধারণ সম্পাদক করা হয় রুহুল আমিন রোকনকে। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা এই কমিটি গঠনের নির্দেশ দেন।

ঝাউদিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা করম আলী বলেন, “গত শুক্রবার ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা মসজিদে আসেন। এমপি আমির হামজা কমিটি করে তাদের দায়িত্ব দিয়েছেন বলে জানান। পরে তারা দানের টাকা নিয়ে যান।”

এ বিষয়ে জানতে এমপি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির হায়াত আলী বলেন, “এমপি আমির হামজা মসজিদের জন্য একটি নতুন কমিটি করেছেন। সেই অধিকার বলেই আমরা টাকা নিজেদের কাছে রেখেছিলাম। সোমবার সেই টাকা ফেরত দিয়েছি।”

এমপি এভাবে কমিটি করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, “সেটা আমার জানা নেই।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়