ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২৯, ২৯ মার্চ ২০২৬
উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এতে পুরোপুরি বন্ধ রয়েছে তেল সরবরাহ।

শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন।

সেই সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে রবিবার সকাল থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “আমাদের শ্রমিকরা চুরির সঙ্গে জড়িত ছিল না, তারা শুধু গাড়ি মেরামত করছিল। অবিলম্বে কারাবন্দী শ্রমিকদের মুক্তি দিতে হবে। পাশাপাশি অভিযুক্ত এনডিসিকে বদলি না করা হলে আন্দোলন আরো কঠোর করা হবে।”

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা নিঃশর্ত মুক্তির দাবি জানালেও মোবাইল কোর্টের রায়ে সরাসরি মুক্তির সুযোগ নেই। এক্ষেত্রে আপিল করতে হয়। আমরা তাদের আপিল করার পরামর্শ দিয়েছি। শুনানি হলে দু-এক দিনের মধ্যেই জামিন পাওয়া সম্ভব। তবে তারা বিষয়টি মানছেন না। আশা করছি দ্রুত সমাধান হবে।”

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়