নীলফামারীতে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষক
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নীলফামারীতে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি ধান ক্ষেত।
নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। তারা জানান, দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে তাদের।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা স্থায়ী এই বৃষ্টি একপর্যায়ে প্রলয়ঙ্কর রূপ নেয়। বড় আকারের শিলায় তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ। ক্ষতি হয় ধান, ভুট্টা, মরিচ, কলা গাছের। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িও। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কলা বাগান
ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ইউনুস আলী ও রতন কুমার রায় জানান, তাদের সারা বছরের আশা-ভরসা মুহূর্তেই শেষ হয়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, কিছু ফসল আংশিকভাবে রক্ষা করা সম্ভব হলেও অনেক ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/সিথুন/মাসুদ