ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বজ্রপাতে মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে ঘটনাটি ঘটে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এ তথ্য জানান।
স্থানীয় সূত্র জানায়, খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ