গোয়ালঘরে মিলল মজুত করা পেট্রোল, জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে মজুত করা ৩০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই ব্যবসায়ীর অভিযুক্ত ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।
অভিযুক্ত ব্যক্তির নাম এরশাদুল হক। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী আবু জাহানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আবু জাহানের গোয়ালঘরে ড্রামে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন তার ছেলে এরশাদুল হক। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গোয়ালঘরে রাখা ড্রামে সংরক্ষিত ৩০ লিটার পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।
তেল মজুতের অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, “মোটরসাইকেলে ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, “বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করা আইনত দণ্ডনীয়। তাই জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।
বাদশাহ/মাসুদ
ঢাকা/বাদশাহ/মাসুদ