ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০৪, ২৮ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় যানবাহনের কোনো চাপ নেই।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকামুখী এই যাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রী ও চালকরা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলার সেতু গোলচত্বর, সয়দাবাদ, কড্ডার মোড়, নলঙ্গা এলাকায় দেখা যায়, সিরাজগঞ্জের মহাসড়কটিতে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। কোথাও দীর্ঘ যানজট নেই। মাঝেমধ্যে ধীরগতি থাকলেও সার্বিকভাবে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আরো পড়ুন:

আরো পড়ুন: যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের ধীরগতি

বগুড়া থেকে ঢাকামুখী সোহাগ হোসেন নামের এক যাত্রী বলেন, ‍“ঈদ শেষে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন কাজে ফিরছি। ভেবেছিলাম অনেক যানজট হবে, কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা আছে, তাই স্বস্তিতে যাচ্ছি।”

ইসলাম পরিবহনের বাসচালক সাগর শেখ জানান, সকালে গাড়ির চাপ ছিল অনেক। দুপুরের পর থেকে গাড়ির চাপ কমতে শুরু করেছে। কোথাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। ধীরে হলেও গাড়ি চলাচল করছে, এতে যাত্রীদের ভোগান্তি কম হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঈদের পরে কর্মমুখী মানুষের যাতায়াত বাড়বেই। মহাসড়কে যানজট ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া আছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখর কাজ চলছে।”

তিনি বলেন, “আমরা সার্বক্ষণিক মহাসড়ক মনিটরিং করছি। কোথাও চাপ তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল ধীরগতি ছিল। বর্তমানে কোনো যানজট বা ধীরগতি নেই। স্বাভাবিক গতিতে চলছে প্রতিটি গাড়ি। বিকেলের দিকে ঢাকামুখী যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে। তাই চালক ও যাত্রীদের ধৈর্য ধরে চলাচল এবং ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “শনিবার ভোর রাতে একাধিক যানবাহন যমুনা সেতুতে বিকল হয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ধীরগতি ছিল। সকাল ১০ টা পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ ছিল। বর্তমানে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়