ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৪০ কিলোমিটার ট্রেনে ঝুলে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫২, ২৮ মার্চ ২০২৬
৪০ কিলোমিটার ট্রেনে ঝুলে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা

রেল পুলিশের সদস্য সোহেল রানা ৪০ কিলোমিটার ঝুলে থেকে হাত ফসকে পড়ে যান। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। 

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আরো পড়ুন:

আহত পুলিশ সদস্য সোহেল দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে। 

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। গাদাগাদি ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।

এতে সোহেল রানা মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র নিয়ে যান। 

চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামে এক যুবক ট্রেন যাওয়ার ভিডিও করার সময় ট্রেন থেকে পুলিশ সদস্যের পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতে মূহূর্তে ভাইরাল হয়ে যায়।

চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, সোহেল রানা দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর আর ব্যালান্স রাখতে পারেননি। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় তিনি পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে। 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়