ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকামুখী মানুষের ঢল, বাস যাচ্ছে ফাঁকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ মার্চ ২০২৬  
ঢাকামুখী মানুষের ঢল, বাস যাচ্ছে ফাঁকা

ছবি: রাইজিংবিডি

দীর্ঘ ছুটি শেষে রবিবার (২৯ মার্চ) রোথেকে পুরোদমে চালু হচ্ছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। যা ঘিরে আজো (২৮ মার্চ) বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। দূরপাল্লার বাসগুলো সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী নিয়ে আসলেও আবার ফিরছে ফাঁকা। যাত্রীর চাপে লোকাল পরিবহনগুলোর অতিরিক্ত যাত্রী বহন করে চলছে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাসকেন্দ্র সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ মার্চ) সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে যাত্রী, বাস চালক, সুপারভাইদের সঙ্গে আলাপকালে তারা জানান, সব মিলিয়ে পরিবার-পরিজনের সঙ্গে প্রায় এগার দিন ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরছেন বিভিন্ন পেশার মানুষ। টানা সাত দিন ছুটির পর মাঝে দুই দিন অফিস আদালত খোলা থাকলেও অনেকে ছুটি নিয়েছিল। আর তারা গতকাল শুক্রবার থেকে গ্রাম ছেড়ে ঢাকায় ফিরছে। যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন বা ব্যবসা করেন তাদের অধিকাংশই কাল রাতে ঢাকায় ফিরেছে। শনিবার ভোর থেকেও অনেকে ঢাকায় ফিরে অফিস করছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলছে। রবিবার সরকারি অফিস আদালত খোলা থাকবে। সে অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা এখনো গ্রামে রয়েছে তারা আজ রাত ও কাল সকালে চলে আসবে।

আরো পড়ুন:

সেন্টমার্টিন পরিবহনের সুপারভাইজার কামাল মিয়া বলেন, “গ্রাম থেকে ঢাকায় আসার সময় যাত্রী অনেক বেশি। একই সঙ্গে যাত্রীদের মালামাল তো থাকছেই। আবার কেউ কেউ পথে নেমে গেছে। ঢাকায় আসার পথে যাত্রীর চাপ বেশি থাকলেও ফিরতি পথে বাস প্রায় ফাঁকা যায়। এতে পরিবহন কর্তৃপক্ষের কিছুটা ক্ষতিও হয়।”

বরিশাল থেকে আসা যাত্রী আসিফ হাওলাদার বলেন, “ঈদে গ্রামের বাড়িতে খুব ভালো সময় কেটেছে। কিন্তু এখন কাজের জন্য ফিরতেই হচ্ছে। বাসে ভিড় ছিল, একটু কষ্ট করেই আসতে হয়েছে।”

পাটুয়াখালী থেকে আসা ঈমন ব্যাপারি বলেন, “আমি মোতালেব প্লাজায় একটি স্মার্ট ফোনের অ্যাক্সেসরিজ ব্যবসা করি। গতকাল থেকে মার্কেট খুলেছে। আজ আমার প্রতিষ্ঠান না খুললে তো অনেকটা পিছিয়ে পরব। তাই পরিবার নিয়ে সকাল বাড়ি থেকে ঢাকায় ফিরেছি। পরিবারকে বাসায় পৌঁছে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাব।”

সোহাগ পরিবহনের বাসচালক রহিম উদ্দিন বলেন, “যাত্রী বেশি থাকায় ঢাকায় আসার পথে চাপ বেশি থাকে। সাবধানে গাড়ি চালাতে হয়। তবে ঢাকায় পৌঁছে আবার খালি গাড়ি নিয়ে ফিরে যাচ্ছি। সড়কে তেমন কোনো যানজট নেই। তবে ঢাকায় প্রবেশ পথে কিছুট জটলায় পড়তে হয়।”

শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক আবুল কালাম জানান, ঈদের পর কয়েকদিন এমন চাপ থাকে। ঢাকামুখী যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় টিকিটের চাহিদাও বেশি। তবে বিপরীতমুখী যাত্রী কম থাকায় বাসগুলো খালি ফিরে যাচ্ছে।

বলাকা পরিবহনের সুপারভাইজার হানিফ মিয়া বলেন, “ঈদের পর যাত্রী সংকটে ছিলাম বেশ কয়েকদিন। গতকাল থেকে যাত্রীদের চাপ ভালো। যাত্রীর চাপ থাকলেই আমরা ভালো থাকি।” 

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়