ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৬, ২৭ মার্চ ২০২৬
৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় একটি তেলের চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল বহনকারী ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জাহাজ গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বন্দরে নোঙর করে বলে বন্দর সূত্র জানিয়েছে। ইতোমধ্যে জ্বালানি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

আরো পড়ুন:

চীনের প্রতিষ্ঠান ইউনিপেক এই জ্বালানি সরবরাহ করেছে। বিপিসির তত্ত্বাবধানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজটি দেশে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে জ্বালানির সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বিকল্প উৎস থেকেও আমদানির উদ্যোগ অব্যাহত আছে।

বিপিসি চেয়ারম্যান বলেন, “পরিকল্পনা অনুযায়ী জ্বালানি বহনকারী জাহাজটি এসেছে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। ফলে তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।”

বাংলাদেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর একটি অংশ অপরিশোধিত তেল হিসেবে আমদানি করে দেশে পরিশোধন করা হয়। সাধারণত মোট চাহিদার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল হিসেবে আসে, আর বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মূলত অপরিশোধিত তেল আমদানি করা হয়। পাশাপাশি ভারত, চীন ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে পরিশোধিত জ্বালানি সংগ্রহ করা হয়। সরকার-টু-সরকার চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি আমদানি করা হয়ে থাকে।

ঢাকা/রেজাউল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়