সদরঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়
ছবি: রাইজিংবিডি
দীর্ঘ ছুটি কাটিয়ে শেষ পর্যায়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সদরঘটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেলেও প্রশাসনের কঠোর নজরদারির জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে ঢাকামুখী যাত্রীদের ভিড়।
বরিশাল থেকে আগত পারাবত-১০ লঞ্চের যাত্রী মো. রাহিদুজ্জামান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকে লঞ্চে যাত্রীদের চাপ অনেক ছিল। তবে আমরা ঈদ ফিরতি যাত্রার টিকিট আগে থাকতে কেটে রেখেছিলাম। তাই আমাদের কোনো সমস্যা করতে হয়নি। সব মিলিয়ে বলতে গেলে এবারের ঈদযাত্রা অনেক সুন্দর ছিল।”
ভোলা থেকে আগত জামাল-৯ লঞ্চের যাত্রী বেসরকারি চাকরিজীবী তৌহিদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ যাত্রীদের চাপ বেশি ছিল। আমি মাজারিঘাট থেকে লঞ্চে উঠেছি। সেখানে থেকে কোন সিট পাইনি। তাই অনেক কষ্ট করে আসতে হয়েছে। তবে বাড়তি ভাড়া নেয়নি।”
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদপুর থেকে আগত এমভি ময়ূরী লঞ্চের যাত্রী জাহিদ হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ যাত্রীদের ভিড় বেশি ছিল। যাওয়ার সময়ও যাত্রীদের বেশি থাকার কারণে কষ্ট করে যেতে হয়েছে। আসার সময় একই অবস্থায় পড়তে হয়েছে।”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, “ঈদ ফিরতিযাত্রায় গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ বেড়েছে। আগামীকাল আরো বাড়বে। তবে এখন পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন।”
ঢাকা/রায়হান/সাইফ