ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন

নির্বাচন কমিশনারদের ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হত্যার হুমকি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৯:১৪, ২৬ মার্চ ২০২৬
নির্বাচন কমিশনারদের ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হত্যার হুমকি

আগামী ১০ এপ্রিল বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনারদের কাছে ‘কাফনের কাপড়’ ও আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত নোটিশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগতির সিদ্ধান্ত জানানো হয়। 

হুমকির চিঠিতে প্রেরক হিসেবে অ্যাডভোকেট মো. মাজেদুল ইসলামের নাম উল্লেখ থাকলেও বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

হত্যার হুমকি পাওয়া ব্যক্তিরা হলেন— বরগুনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল লতিফ, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নিজামুল এবং অ্যাডভোকেট শফিক মাজেদ।

বাংলা ১৪৩৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১০ এপ্রিল হওয়ার কথা ছিল। নির্বাচনে ৩৭ জন প্রতিদ্বন্দ্বীর সবারই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী আছেন। এ নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে, বুধবার সকালে নির্বাচন কমিশনের সদস্যদের কাছে ডাক বিভাগের জিইপি চিঠির মাধ্যমে এবং বাসভবনের দরজার নিচ দিয়ে হুমকিমূলক চিঠি পৌঁছে দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাঁতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের পরিনতি সাদা কাফন।” চিঠির সঙ্গে সাদা কাপড় ও আগরবাতি পাঠানো হয়।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ, বিভিন্ন দিক থেকে হুমকি এবং নির্বাচন বন্ধে ভয়ভীতি প্রদর্শনের কারণে বর্তমান অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী বলেছেন, “প্রধান নির্বাচন কমিশনারসহ আমাদের সকলকে চিঠির মাধ্যমে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই নির্বাচন স্থগিত করা হয়েছে।”

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারদের হুমকির বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ বিষয়ে তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়