বঙ্গোপসাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেহেদী হাসান আবির
কক্সবাজারে বঙ্গোপসাগরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন মেহেদী হাসান আবির (২৬) নামের এক পর্যটক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কক্সবাজারে শহরের সুগন্ধা সৈকত-সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান আবির বান্দরবানের আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি সিসি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ের মধ্যে আবির নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে ওঠে। সি সেফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফগার্ডের ফিল্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেছেন, “সাগরে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।”
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানিয়েছেন, আবিরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/তারেকুর/রফিক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ