ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুর্নীতিবাজ দলে ও সরকারে ঠাঁই পাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩৩, ২৬ মার্চ ২০২৬
দুর্নীতিবাজ দলে ও সরকারে ঠাঁই পাবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “কেউ দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করতে পারবে না। করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্নীতিবাজ দলে এবং সরকারে ঠাঁই পাবে না। এতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।”

তিনি বলেন, “আমার দলের কোনো ব্যক্তি আমার নাম ভাঙিয়ে দুর্নীতি বা চাঁদাবাজির সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৬ মার্চ) ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন,“ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একের পর এক বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর মধ্যে আছে ফ্যামেলি কার্ড, যা ইতিমধ্যে সারা বাংলাদেশে শুরু হয়েছে। শুরু হয়েছে খাল খনন কর্মসূচি, এটি শহীদ জিয়াউর রহমানের একটি জনপ্রিয় কর্মসূচি ছিল। নির্বাচনের আগে দেওয়া আমাদের খাল খনন কর্মসূচিও ইতিমধ্যে শুরু হয়েছে।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

ঢাকা/মিলন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়