ত্রিশে নিঃশেষ অভিনেত্রীর জীবন
হর্ষিলা কালিয়া (ইনসেটে দুর্ঘটনার দৃশ্য)
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় মডেল-অভিনেত্রী হর্ষিলা কালিয়া। সোমবার (২৩ মার্চ) রাতে ভারতের জয়পুর শহরে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগার পর এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হয়, ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। খবর এনডিটিভির।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটে জয়পুরের শিপ্রা রোডে। রাত প্রায় ১১টা ৩০ মিনিটে কাজ শেষে বাসায় ফেরার পথে হর্ষিলার গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি ডিভাইডারে আঘাত করার পর বাম দিকে উল্টে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে গিয়ে গাড়িটি সোজা করে অভিনেত্রীকে উদ্ধার করেন। ৩০ বছর বয়সি হর্ষিলা কালিয়াকে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তার মাথায় গুরুতর আঘাত লাগায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল না কি, অন্য কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করেছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন করে অভিনেত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‘ক্রাইম নেক্সট ডোর’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছিলেন হর্ষিলা কালিয়া। পাশাপাশি একটি নিউজ চ্যানেলে উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাধিক রাজস্থানি গানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে মডেলিং ক্যারিয়ারে বেশি মনোযোগী ছিলেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা