ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিনেপ্লেক্সে বাড়ছে ‘রাক্ষস’ সিনেমার শো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৫৯, ২৪ মার্চ ২০২৬
সিনেপ্লেক্সে বাড়ছে ‘রাক্ষস’ সিনেমার শো

‘রাক্ষস’ সিনেমার দৃশ্য

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমা শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত এই ডার্ক-থ্রিলারটি বড় পর্দায় তার ভিন্নধর্মী উপস্থিতির কারণে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। 

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে মাত্র ১৪টি শো দিয়ে যাত্রা শুরু করলেও দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে সিনেমাটির শো সংখ্যা ২০-এর অধিক হয়েছে। প্রতিদিনই বাড়ছে প্রদর্শনী সংখ্যা, যা সিনেমাটির জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে। 

আরো পড়ুন:

এ বিষয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “ক্রমেই ‘রাক্ষস’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। প্রতিদিনই শো সংখ্যা বাড়ানো হচ্ছে। গত তিন দিনে আমরা দারুণ সাড়া পেয়েছি। এই ধারা অব্যাহত থাকলে সিনেমাটি আরও ভালো কিছু অর্জন করবে বলে আশা করছি।” 

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র; এর আগে তিনি নির্মাণ করেন ‘বরবাদ’, যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ’ সিনেমারই একটি বিস্তৃত ইউনিভার্সের অংশ। 

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ ও সোহেল মণ্ডলসহ অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। 

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির আগে ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পায়। শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন প্রযোজিত ‘রাক্ষস’ সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে। 

দর্শকদের ইতিবাচক সাড়া অব্যাহত থাকায় সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের এই সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়