সিয়ামের ‘রাক্ষস’ দেখে দর্শকরা উচ্ছ্বসিত নাকি হতাশ?
ছবির কোলাজ
ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়েছেন সিয়াম আহমেদ। গত কয়েক বছর ধরে ঢালিউড বাদশা শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে চলছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘রাক্ষস’ সিনেমা।
‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালনা করেছেন ‘রাক্ষস’। মুক্তির আগেই সিনেমাটির আইটেম গান দারুণ সাড়া ফেলে। দুদিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। চলুন জেনে নিই, আলোচিত ‘রাক্ষম’ সিনেমা দেখে কী বলছেন দর্শকরা—
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন একজন দর্শক। কেবল তাই নয়, সিয়ামকে শাকিব খানের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। তিনি বলেন, “অসাধারণ একটি সিনেমা ‘রাক্ষস’। অনেক ভালো একটি সিনেমা। আমার মনে হয়, পরবর্তী সুপারস্টার সিয়াম আহমেদ। একটা সময় শাকিব খানের জায়গা সিয়াম আহমেদই দখল করবেন।”
বাংলাদেশি সিনেমার অগ্রযাত্রা নিয়ে অন্য একজন দর্শক বলেন, “বাংলাদেশের সিনেমা দিন দিন উন্নত হচ্ছে।” আরেক দর্শক ভীষণ মুগ্ধতা নিয়ে বলেন, “পুরাই খাইয়্যা দিছে।” আরেকজন দর্শক বলেন, “অসাধারণ সিনেমা ‘রাক্ষস’। এরপর কয়েকজন দর্শক হল থেকে বের হতে হতে ‘ভি’ চিহ্ন দেখান, পাশাপাশি ‘অসাধারণ’ বলে মন্তব্য করেন।
কয়েকজন নারী দর্শকও সিনেমাটি দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসি মুখে একজন নারী বলেন, “অসাধারণ।” অন্য এক নারী বলেন, “রাক্ষস’ নিয়ে এটুকু বলব, বরবাদের পর যদি দেশে কোনো ভালো ফিল্ম আসে, তবে সেটা অবশ্যই ‘রাক্ষস’। আর এ সিনেমার জন্য সিয়ামকে বেছে নেওয়া সেরা সিদ্ধান্ত। আমার মনে হয়, শাকিব খানের পর যদি এই চরিত্র কেউ পূরণ করতে পারতেন, তবে সেটা সিয়াম।”
‘রাক্ষস’ নিয়ে আরেকজন দর্শক বলেন, “সিনেমাটি ভালো ছিল। অ্যাকশন, রোমান্স—সবকিছু মিলিয়ে সিনেমাটি ভালো।” ‘রাক্ষস’ সিনেমার সিক্যুয়েল দাবি করে এক তরুণ বলেন, “রাক্ষস’ দেখে পুরা পয়সা উসুল। আমরা ‘রাক্ষস টু’ চাই।” তবে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সমালোচনা করে একজন বলেন, “মেহেদি ভাইয়ের কাছ থেকে আরো একটু ভালো চেয়েছিলাম। সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করেছেন। তবে নায়িকার অভিনয় আরো ভালো হতে পারত।”
বেশ কজন দর্শক সারিবদ্ধভাবে হল থেকে বের হওয়ার সময়ে সমস্বরে বলতে থাকেন—“রাক্ষস’ রাক্ষসের মতোই ছিল।” এক তরুণের কাছে সিয়ামের অভিনয় নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “সিয়ামের অভিনয়ই বেশি ভালো লেগেছে। তাছাড়া আরো কয়েকজনের অভিনয় ভালো ছিল। আর কারো অভিনয় তেমন একটা ভালো লাগেনি। আর এই নায়িকা সিয়ামের সঙ্গে যায় না।”
‘রাক্ষস’ কেবল দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে তা নয়। নেতিবাক প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। একজন বলেন, “খাপছাড়া সংলাপ আর যুক্তিহীন চিল্লাচিল্লি শুনতে চাইলে ‘রাক্ষস’ দেখতে পারেন।” তবে যতজন দর্শকের প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেখানে বড় অংশের দর্শকই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
‘রাক্ষস’ সিনেমার ‘বিলেত রাজা’ শিরোনামের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। জাঁকজমকপূর্ণ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
ঢাকা/শান্ত