হাতীবান্ধায় হাতকড়াসহ পালাল আসামি
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের হেফাজত থেকে মনিরুল ইসলাম নামে এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকা থেকে তিনি পালিয়ে যান। পুলিশের কাছ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চুরির মামলায় অভিযুক্ত মনিরুলকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল পুলিশ সদস্যরা। মুক্তিযোদ্ধা অফিস এলাকায় পৌঁছালে হঠাৎ দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে ধাক্কা দিয়ে মনিরুল দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তার হাতে হাতকড়া ছিল।
ঘটনার বিষয়ে জানতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন এসব বিষয়ে কথা বলার সময় আমার নেই।”
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া আসামি মনিরুলের বিরুদ্ধে একটি চুরির মামলা ছিল। তাকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।”
পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের বিষয়ে তিনি কিছু জানাননি।
ঢাকা/সিপন/মাসুদ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান