সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন তারেক রহমান: মির্জা ফখরুল
জিয়া উদ্যানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, “নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, “স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আহ্বানে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, যিনি সেই শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।"
মির্জা ফখরুল বলেন, “আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।"
বিএনপির মহাসচিব বলেন, “গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।”
তিনি আরো বলেন, “তারেক রহমানর নতুন চিন্তাধারার ফসল হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি।”
ঢাকা/রায়হান/ইভা