ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেরি ঘাটে সেফটি রেলিং নাই ভাবা যায়, প্রশ্ন ইরফানের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১১:২৫, ২৬ মার্চ ২০২৬
ফেরি ঘাটে সেফটি রেলিং নাই ভাবা যায়, প্রশ্ন ইরফানের

বাসডুবির দৃশ্য, ইরফান সাজ্জাদ (বাঁ থেকে)

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় হতভম্ভ দেশবাসী। শোবিজ অঙ্গনের তারকারাও এ নিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন।  

এ ঘটনার পর ছোট পর্দার আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। ‘এটা আমাদেরই গল্প’খ্যাত তারকা ইরফান সাজ্জাদ বলেন, “এই পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই মানুষের জীবনের কোনো মূল্য নাই! মানুষ যে কি কি অদ্ভুত বিপদে পড়ে মরতে পারে, তা এই দেশে থাকলেই বোঝা যায়!” 

আরো পড়ুন:

ফেরি ঘাটের সেফটি রেলিং না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ইরফান সাজ্জাদ বলেন, “হাজার হাজার মানুষ মরে যাওয়ার পরও যুগের পর যুগ এত অনিয়ম, তার কোনো প্রতিকার নাই। একটা ফেরি ঘাটে কোনো সেফটি রেলিং নাই ভাবা যায়?” 

ইরফান সাজ্জাদের এ পোস্টে ১১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। নেটিজেনদের অনেকে ইরফানের ভাবনার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন।  

মোজ্জাফর লেখেন, “আসলে সত্যি বলছেন ভাইয়া, এখন দেশে মানুষের জীবনের মূল্য একেবারে নেই বললে চলে। এই দেশে বেঁচে থাকাটাই সৌভাগ্যের। কেন দেখলাম! কী অসহায় এই দেশের অভাগা মানুষ আমরা!” জাহান লেখেন, “একদম ঠিক। একমাত্র বাংলাদেশের মানুষ আমার মনে হয় প্রতি সেকেন্ডে মৃত্যুকে হাতের মধ্যে নিয়ে পথে-ঘাটে বাজারে-বাসায় থাকে। যেখানে আজরাইল আসার প্রয়োজন হয় না, পরিস্থিতি মেরে দিবে হাজার জনকে।”  

বাসের যাত্রীদের দায়বোধ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সৈয়দ মিলন লেখেন, “ফেরিতে গাড়ি উঠার সময় যাত্রীদের নেমে যেতে হয়, সেই কথাটা আমরা বেমালুম ভুলে গেছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যারা মারা গেছে তাদেরকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিলেন বলে বাসযাত্রী ও কাউন্টার মাস্টার জানিয়েছেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়