ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪৬, ২৬ মার্চ ২০২৬
শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী ও নানা পেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি।  

আরো পড়ুন:

মানিকগঞ্জে স্কুল শিক্ষক রবিউল আলম বলেন, ‍“যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের শ্রদ্ধা জানাতে আমি প্রতিবছরই জাতীয় স্মৃতিসৌধ আসি। তাদের কাছে আমরা চিরঋণী।” 

কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা বলেন, “আমি বন্ধুদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছি। আমরা গর্বিত আমাদের শহীদদের জন্য। তাদের জীবনের বিনিময়ে পরিচিত হয়েছে এই বাংলাদেশ ও আমাদের মাতৃভূমি।” 

এর আগে, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

ঢাকা/সাব্বির/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়