আ.লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের হয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মোসা. তাহমিনা আক্তার।
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। এসময় সঙ্গে ছিল তার তিন শিশু সন্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আটক নারীর নাম মোসা. তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে কিছু করেন না। ৫ আগস্টের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে ৩ সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।
এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। নিজের ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, “ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন। তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামী লীগের নামে। স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে।”
আটক নারীর সাথে থাকা শিশুদের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “শিশুদের আটক করা হয়নি।”
ঢাকা/সাব্বির/মাসুদ