ইরানে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
গত দুদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব একাধিকবার নাকচ করে দিয়েছে ইরান। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সফল আলোচনা চলছে। এমনকি তিনি দাবি করেছেন, খোদ ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ইরানে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নেতারা ভয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা স্বীকার করতে চাইছেন না।
বৃহস্পতিবার দলের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, “আমরা বিশাল ব্যবধানে জিতছি। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমরা যা করছি, তেমনটা আগে কেউ দেখেনি। প্রসঙ্গত, তারা আলোচনা করছে এবং একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে। কিন্তু তারা তা বলতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করে যে তাদের নিজেদের লোকেরাই তাদের হত্যা করবে।”
তিনি আরো বলেছেন, “তারা এও ভয় পায় যে, আমাদের হাতে তারা নিহত হবে। এর আগে কখনো কেউ ইরানের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো এতো কম আগ্রহী ছিল না।”
ঢাকা/শাহেদ