ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা বিরোধিতাকারীদের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকবে: ভূমিমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫৬, ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা বিরোধিতাকারীদের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকবে: ভূমিমন্ত্রী

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, “সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রতিও মানুষের ঘৃণা চিরকাল থাকবে। স্বাধীনতা অর্জনের বিরোধিতা যারা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত হয়ে থাকবে।”

মহান স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরো পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, “দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে গণতন্ত্রকে আরো সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি।” 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লাখো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাকে সরকারের পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, “মায়ের ভাষার জন্য পৃথিবীতে বাঙালির মতো ত্যাগের নজির বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতিকে বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এসময় অন্যদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়