ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে চায়: আসিফ মাহমুদ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫০, ২৬ মার্চ ২০২৬
গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে চায়: আসিফ মাহমুদ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মাঝে)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “গণরায়কে ভূলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গণঅভ্যুত্থানের পর সব গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে, সেটা যথাযথ প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম।  আমরা আজকে দাঁড়িয়েও বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, আমাদের সদস্যসচিব কথা বলেছেন। উনারা বারবার বলেছেন, বিচারের বিষয়টিতে আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করব, সেটা যে কোনো গণহত্যার ক্ষেত্রে।”

তিনি বলেন, “আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে অনেকেই সরকার গঠন করেছে, তাদের অনেক মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল। তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।”

এনসিপির মুখপাত্র বলেন, “বাংলাদেশে যখন ৭০-এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং ক্ষমতা দেওয়া হয় না, পরবর্তীতে ৭১-এ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে ৯০-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে। ১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকেও কিন্তু পদদলিত করা হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।”

অন্তবর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “এবারো গণরায়কে, গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে। গণরায়কে এক ধরনের ভূলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভূলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।” 

তিনি বলেন, “আমরা তাদের বলতে চাই, এত রক্তের বিনিময়ে যে সংস্কার এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবার দেখেছে, যেই বাবা-মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে সেটা বাস্তবায়ন করতে হবে। জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে আমাদের জনগণকে নিয়ে স্বাধীনতার রক্ষার জন্য আবার মাঠে নামতে হতে পারে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়