অবহেলার কারণে দৌলতদিয়া ঘাটে প্রাণহানি: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বহুদিন ধরেই দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে প্রাণহানি ঘটছে।”
তিনি বলেন, “যদি এই ধরনের দুর্ঘটনার বিষয়ে পূর্বে সতর্কতা ও সচেতনতা থাকত, তবে প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো।”
বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় ৫ থেকে ৭ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিদের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, নদীতে পড়ে যাত্রীদের উদ্ধারকাজ অতিদ্রুত গতিতে সম্পন্ন করতে। পাশাপাশি তিনি বলেন, “তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের দৃঢ় সংকল্প।”
মির্জা ফখরুল আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, “এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
দুর্ঘটনার ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল মনে করিয়ে দেন,“নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সজাগ ও দায়িত্বশীল হওয়া অপরিহার্য।”
ঢাকা/আলী/সাইফ
অবহেলার কারণে দৌলতদিয়া ঘাটে প্রাণহানি: ফখরুল