ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেজগাঁও-মহাখালীতে বন্ধ একাধিক পাম্প, দীর্ঘ লাইনে ভোগান্তি

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৪ মার্চ ২০২৬  
তেজগাঁও-মহাখালীতে বন্ধ একাধিক পাম্প, দীর্ঘ লাইনে ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতেই তেল নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খোলার দিনে রাজধানীর তেজগাঁও, মহাখালী ও বিজয় স্মরণী এলাকার এলাকায় একাধিক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ফলে জ্বালানি নিতে গিয়ে চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে এসব এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও কোথাও পাম্প খোলা থাকলেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ঈদ পরবর্তী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট কেটে যাওয়ার প্রত্যাশা করা হয়। তবে এখনো জ্বালানির সংকট না কাটায় নগরীর যানবাহন চালকদের আরো ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের অপেক্ষায় থাকা মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা জানান, ঈদের ছুটির পর হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদাও বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী সরবরাহ স্বাভাবিক না থাকায় এই সংকট তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও, মহাখালী ও বিজয় স্মরণী এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রখেছে। রাজধানীতে তেল পাওয়ার অন্যতম ভরসাস্থল ট্রাস্ট ফিলিং স্টেশনেও সকাল ৯টা ১৫ মিনিট থেকে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মজুত শেষ হয়ে যাওয়ায় তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তেল নেওয়ার আশায় শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক ফিলিং স্টেশনগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বাধ্য হয়ে লাইন ছেড়ে বিকল্প ফিলিং স্টেশনের খোঁজে ছুটছেন। বিশেষ করে বিজয় স্মরণী এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সারি ধীরে ধীরে বিস্তৃত হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে গেছে।

এদিকে, ট্রাস্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল আসলে পুনরায় বিতরণ কার্যক্রম শুরু হবে। আশা করা যায় দুপুর নাগাদ পুনরায় তেল বিতরণ কার্যক্রম শুরু হবে।

জ্বালানি তেল বিতরণের ওপর থেকে সরকারি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে আগের মতোই তেলের সংকট রয়েই গেছে। অনেক এলাকায় ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে।

ট্রাস্ট ফিলিং স্টেশনে সকাল ৯টা ১৫ মিনিটের সর্বশেষ তেল নেওয়া একজন কলেজ শিক্ষার্থী জানান, “সকাল ৬টায় এখানে এসেছি। দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে তেল পেয়েছি। অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আর কত দিন এমন পরিস্থিতি চলবে তা বুঝতে পারছি না।”

লাইনে দাঁড়িয়ে থাকা নাখালপাড়ার বাসিন্দা সাইফুর আলাম বলেন, “অন্য কোথাও তেল না থাকলে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল পাওয়া যায়। কিন্তু এখানেই যখন তেল সংকট তাহলে বোঝেন পুরো ঢাকার কী অবস্থা।”

সব মিলিয়ে, ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত নগরীতে যখন স্বাভাবিক ছন্দ ফিরছে, ঠিক তখনই জ্বালানি সংকটে নগরবাসীকে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়