ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ মার্চ ২০২৬  
সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চেয়েছেন এক মা। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন করা হয়। 

লিয়া মনি আক্তার তার ১৩ মাস বয়সী কন্যাসন্তান জেসমিনের লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। মেয়ের জন্মদাতা প্রেমিক হৃদয় বেপারীর জন্য শিশু জেসমিনের মৃত্যু হয়েছে, এমন অভিযোগ করেন লিয়া মনি। মেয়ে হত্যার জন্য হৃদয় বেপারীর ফাঁসি দাবি করেন তিনি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন— লিয়া মনি, তার বাবা মো. ফারুক হোসেন মাঝি, মা পলি বেগম, চাচা বেল্লাল মাঝি, ফুপু জোসনা বেগম। 

তারা বলেন, “২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। তাদের মধ্যে শারীরিক সম্পর্কের একপর্যায়ে গর্ভধারণ করেন লিয়া মনি। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এ সময় প্রেমিক হৃদয় বেপারী, তার মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বাসায় ফিরে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারী ও তার স্বজনরা। পরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা। সেখান থেকে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান। এর তিন মাস পরে খবর পেয়ে লিয়া মনির পরিবার ওই শিশুটিকে বাড়িতে আনার ইচ্ছে প্রকাশ করে। ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে এ বছরের ৯ মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় লিয়া মনিদের বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসার জন্য তাকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিনের মৃত্যু হয়। 

এদিকে, ধর্ষণের অভিযোগে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে গত ৯ মার্চ ঝালকাঠি থানায় মামলা করেছেন লিয়া মনি। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছে। 

তবে, অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেছেন, “ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অলোক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়