ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিএসএলের পথে মোস্তাফিজুর-নাহিদরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৩ মার্চ ২০২৬  
পিএসএলের পথে মোস্তাফিজুর-নাহিদরা

পাকিস্তান সুপার লিগে অংশ নিতে বাংলাদেশের ক্রিকেটাররা যাবেন কি না তা নিয়ে তেমন চিন্তা ছিল না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্কটা বেশ ভালো ও গাঢ়। কেবল চলমান পশ্চিম এশিয়ার সংকটের কারণে নিরাপত্তা ঝুঁকি ছিল। 

এজন্য সরকারের সিদ্ধান্ত জানতে অপেক্ষায় ছিল বিসিবি। সেই সিদ্ধান্ত পাওয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে চার ক্রিকেটার আজ দুপুরেই উড়াল দিয়েছেন পাকিস্তানে। শরিফুল ইসলাম, নাহিদ রানা নিজেদের ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘পিএসএল, আমরা আসছি। ফ্লাইটের জন্য অপেক্ষা করছি।’’

সোমবার সকালে শরিফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান পাকিস্তানে উড়াল দিয়েছেন। যাওয়ার অপেক্ষায় রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। 

আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল ২০২৬। পিএসএলে এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের বহরটা ভালোই বড়। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে দলে নেয় লাহোর কালান্দার্স। রিশাদ হোসেনকে পায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান। 

বাংলাদেশের ক্রিকেটাররা পুরোটা সময় পিএসএলে থাকবেন না। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশে সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তারা বাংলাদেশে আসবেন। সিরিজ বুঝে ক্রিকেটারদের পিএসএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

চলমান পশ্চিম এশিয়ার সংকটের কারণে পিএসএল ২০২৬ এবার দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি টুর্নামেন্টটি আগের পরিকল্পনা অনুযায়ী ছয়টি ভেন্যুর বদলে সীমিত করে মাত্র দুটি ভেন্যু-লাহোর ও করাচিতে আয়োজন করা হবে। লাহোরে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়