‘দম’ দেখে শাওনের সমালোচনা
‘দম’ সিনেমার পোস্টার, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)
ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। ঈদের সিনেমার রেসে নেমেছেন ঢালিউড কিং শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের মতো তারকারা। তাদের সিনেমা দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমা দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি নির্মিত এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। ‘দম’ দেখে বাসায় ফিরেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) বিকালে মেহের আফরোজ শাওন তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। খুবই স্বল্প বয়ানে ‘দম’ সিনেমার সমালোচনা করেছেন এই অভিনেত্রী। মেহের আফরোজ শাওন বলেন, “দম’ দেখে আসলাম। সারাক্ষণ উত্তেজনা আর দুঃখ দেখতে দেখতে সিনেমার দৈর্ঘ্য অনেক লম্বা লেগেছে!”
‘দম’ সিনেমায় হাস্যরসাত্মক বা আনন্দদায়ক দৃশ্য কম বলে মনে করেন মেহের আফরোজ শাওন। তিনি বলেন, “রিলিফ স্পেস খুব কম ছিল। শুধু চঞ্চল চৌধুরী যতবার পর্দায় এসেছেন, ততবার দর্শক একটু স্বস্তি পেয়েছে। অভিনয়ের প্রতি আফরান নিশোর উৎসর্গ যথাযোগ্যভাবে চোখে পড়ে।”
‘দম’ সিনেমায় শাহজাহান ইসলাম নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর নূরের মায়ের চরিত্র রূপায়ন করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। তার অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মেহের আফরোজ শাওন। তিনি বলেন, “অল্প কয়েকটা দৃশ্যে উপস্থিত থেকেও ডলি জহুর যে অভিব্যক্তি দেখিয়েছেন…! বার বার তার কাছ থেকে অভিনয় শিখতে ইচ্ছা করে।”
‘দম’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ। এ সিনেমায় আফরান নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।
ঢাকা/শান্ত