শিশুর স্বাধীনচেতা মনোভাবকে গুরুত্ব দিন
শিশুদের বেড়ে ওঠার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো তাদের স্বাধীনভাবে চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া এবং নিজের মতামত প্রকাশ করার ক্ষমতা তৈরি করা। অনেক সময় আমরা অজান্তেই শিশুর প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করতে চাই, ফলে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। অথচ ছোটবেলা থেকেই সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে শিশুরা আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং স্বাধীনচেতা মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তাই অভিভাবকদের উচিত সচেতনভাবে এমন পরিবেশ তৈরি করা, যেখানে শিশুর চিন্তা ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়।
শিশুর স্বাধীনচেতা মনোভাব গড়ে তুলতে প্রথমেই তাকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। নিজের পছন্দের পোশাক বেছে নেওয়া বা নাশতার মধ্যে একটি নির্বাচন করা—এই ধরনের ছোট সিদ্ধান্তই তাকে নিজের মত প্রকাশে সাহসী করে তোলে। একই সঙ্গে শিশুর যেকোনো প্রচেষ্টাকে মূল্যায়ন করা জরুরি। সে জয়ী হোক বা না হোক, চেষ্টা করার সাহস দেখানোর জন্য তাকে উৎসাহ দেওয়া উচিত। এতে সে নতুন কিছু করার আগ্রহ পায় এবং ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে শেখে।
শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন সে কথা বলে, তখন অন্য কাজ সরিয়ে রেখে মনোযোগ দেওয়া তাকে বুঝতে সাহায্য করে যে, তার কথার মূল্য আছে। এর ফলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের ভাবনা নির্ভয়ে প্রকাশ করতে শেখে। পাশাপাশি, যেকোনো বিষয়ে শিশুকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত। পরিবারের ছোটখাটো সিদ্ধান্তেও তাকে অন্তর্ভুক্ত করলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং ভবিষ্যতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারে।
ভালোবাসা প্রকাশও শিশুর মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে। তাকে জড়িয়ে ধরা, উৎসাহ দেওয়া বা কোনো কারণ ছাড়াই ভালোবাসার কথা বলা শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করে। এই নিরাপত্তাই তাকে আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। একইভাবে, ব্যর্থতাকে নেতিবাচক হিসেবে না দেখে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে শেখানো উচিত। এতে শিশুর মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি হয় এবং সে সমস্যা সমাধানে দক্ষ হয়ে ওঠে।
শিশুর ভালো গুণগুলোর প্রশংসা করা যেমন জরুরি, তেমনই তাকে ছোট ছোট দায়িত্ব দেওয়াও প্রয়োজন। নিজের ব্যাগ গোছানো বা ঘরের কাজে সাহায্য করার মতো দায়িত্ব তাকে আত্মনির্ভর হতে শেখায়। এতে সে বুঝতে পারে যে সে-ও গুরুত্বপূর্ণ এবং সক্ষম। পাশাপাশি, নিরাপদ সীমার মধ্যে শিশুকে নতুন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিতে হবে। নতুন খেলা, নতুন পরিবেশ বা ছোটখাটো ঝুঁকি নেওয়ার মাধ্যমে সে নিজের সক্ষমতা আবিষ্কার করতে পারে এবং ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে।
সবশেষে, মনে রাখতে হবে শিশুরা সবচেয়ে বেশি শেখে তাদের মা–বাবাকে দেখে। তাই অভিভাবকদের নিজের আচরণেও আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচকতা তুলে ধরা প্রয়োজন। আপনি যখন দৃঢ়ভাবে পরিস্থিতি সামাল দেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং নিজের প্রতি যত্নশীল থাকেন—শিশুও সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে শেখে।
সন্তানের স্বাধীনচেতা মনোভাব গড়ে তোলা কোনো একদিনের কাজ নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে প্রতিটি শিশুকেই আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
ঢাকা/লিপি/শান্ত
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন