স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন।”
এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে লেখেন, “জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।” এছাড়া, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি আরো বলেছেন, মা“তৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।”
তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, “আসুন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি এবং সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলি।”
ঢাকা/আলী/ইভা
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন