পদ্মায় ডুবে যাওয়া বাসটি তোলা হয়েছে, লাশ বেড়ে ১৬
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী জাহাজ হামজা ক্রেন দিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি তুলে আনে পন্টুনের ওপর।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি টেনে তোলা হয়েছে; যা থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় লাশের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ১২টা ৩৫ মিনিটের দিকে এক হোয়াটস অ্যাপ বার্তায় লাশ উদ্ধারের সর্বশেষ এই তথ্য দিয়েছে।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ এবং পাঁচজন নারী। অবশ্য শিশুদের সংখ্যা আলাদা করে বলা হয়নি তাতে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ফেরির পন্টুন থেকে পদ্মায় পড়ে নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে চলে যায়, যেটি উদ্ধারে আসে ‘হামজা’ নামে উদ্ধারকারী জাহাজ।
যতই লাশ উদ্ধার হচ্ছে, ততই আহাজারিতে ভারী হয়ে উঠছে দৌলতদিয়া ফেরি ঘাট। স্মরণকালের ইতিহাসে দৌলতদিয়ায় পদ্মায় বাস পড়ে এমন ট্রাজেডি আর নেই।
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী জাহাজ হামজা ক্রেন দিয়ে বাসটি পুরোপুরি তুলে আনে পন্টুনের ওপর। বাসটির ভেতর ব্যাগ, স্কুল ব্যাগ, জুতাসহ বিভিন্ন জিনিসপত্র দেখা যায় যাত্রীদের হাতে।
রাত সাড়ে ৮টা নাগাদ রাজবাড়ী জেলা সিভিল সার্জন এস এম মাসুদ দুই নারীর লাশ উদ্ধারের তথ্য দিয়েছিলেন। তাদের মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তখনো তাদের নাম-ঠিকানা সম্পর্কে তথ্য ছিল না।
রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বার্তায় আরো দুই নারীর মরদেহ উদ্ধারের তথ্য দেয়। মধ্যরাতে ফায়ার সার্ভিস হোয়াটস অ্যাপ বার্তায় মোট ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য দেয়।
মৃত অবস্থায় বাস থেকে উদ্ধারকৃতদের মধ্যে নারী, শিশুসহ বিভিন্ন বয়সিরা রয়েছে।
দুর্ঘটনার খবর শুনে দৌলতদিয়া ফেরি ঘাটের ওই পন্টুনে ছুটে আসেন রাজবাড়ীর ডিসি সুলতানা আক্তার। তিনি জানান, ডুবে যাওয়া বাসের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজ নিয়েছেন। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে উদ্ধারকাজ চালাতে এবং ঘটনা সম্পর্কে তাকে অবহিত করতে বলেছেন তিনি।
ডিসি সুলতানা আরো জানান, এই বাস দুর্ঘনার বিষয়ে একটি উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন। কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং পুলিশের প্রতিনিধিও থাকবেন।
ঢাকা/রবিউল/রাসেল
অবহেলার কারণে দৌলতদিয়া ঘাটে প্রাণহানি: ফখরুল