সকালে ঠোঁট-মুখ শুকিয়ে যায়? করণীয় জেনে নিন
মুখ ও ঠোঁটের চারপাশ শুকিয়ে গেলে অনেকেই মনে করেন, শরীরে পানির ঘাটতি হয়েছে। তবে সব সময় বিষয়টি এতটা সহজ নয়। পর্যাপ্ত পানি পান করার পরও যদি মুখ শুকিয়ে থাকে, তাহলে তা অন্য কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। এই অবস্থাকেই বলা হয় ‘ড্রাই মাউথ’; যা অবহেলা করলে মুখের স্বাস্থ্য ও সামগ্রিক শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
‘ড্রাই মাউথ’ কী
লালাগ্রন্থি পর্যাপ্ত লালারস তৈরি করতে না পারলে মুখের ভেতর শুষ্কতা তৈরি হয়, যাকে ‘ড্রাই মাউথ’ বলা হয়। লালা মুখের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি দাঁতের সুরক্ষা, হজম প্রক্রিয়া এবং মুখের ভেতরের প্রাকৃতিক ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্যালিভার ভারসাম্য নষ্ট হলেই সমস্যার শুরু।
কেন হয় ‘ড্রাই মাউথ’?
ডিহাইড্রেশন: শরীরে পানির ঘাটতি হলে মুখ শুকিয়ে যায়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা বেশি দেখা দেয়।
চা-কফি বা অ্যালকোহল: রাতে ঘুমানোর আগে চা, কফি বা মদ্যপান করলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে, ফলে সকালে মুখ শুষ্ক লাগে।
দীর্ঘ সময় পানি পান না করা: ঘুমের সময় ৬–৭ ঘণ্টা পানি না খাওয়ার কারণেও মুখ শুকিয়ে যেতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্যথানাশক বা পেশি শিথিলকারী ওষুধ অনেক সময় ড্রাই মাউথ তৈরি করে।
মুখ দিয়ে শ্বাস নেওয়া: ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে মুখ ও গলা শুকিয়ে যায়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
ডায়াবেটিস: ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সমস্যা খুবই সাধারণ। রক্তে শর্করার মাত্রা এবং সংশ্লিষ্ট ওষুধের প্রভাবে মুখ শুকিয়ে যেতে পারে।
ধূমপান ও মদ্যপান: এই অভ্যাসগুলো লালাগ্রন্থির স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়, ফলে মুখ শুষ্ক হয়ে যায়।
মুখ শুকিয়ে যাওয়া সাধারণ একটি সমস্যা মনে হলেও এর পেছনে জটিল কারণ থাকতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: এই সময়
ঢাকা/লিপি/শান্ত
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন