বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ফটো)
কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২২ মার্চ) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, “পবিত্র ঈদ উদযাপনের আনন্দঘন সময়ে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি।”
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু হতাহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তারেক রহমান। আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়। প্রতিটি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী আরো ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, “জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।”
ঢাকা/আলী/রফিক