ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিবের ‘প্রিন্স’ দেখে কী বললেন দর্শকরা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১৩, ২২ মার্চ ২০২৬
শাকিবের ‘প্রিন্স’ দেখে কী বললেন দর্শকরা?

ছবির কোলাজ

ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে শাকিব খানের দাপুটে উপস্থিতি বাংলাদেশে নতুন কিছু নয়। দীর্ঘ দিন ধরে রুপালি পর্দা তার দখলে রয়েছে। যদিও নিকট অতীত কয়েকজন নায়ক এই প্রতিযোগিতায় শামিল হয়েছেন। তারাও শাকিবের সঙ্গে পাশাপাশি দৌড়াচ্ছেন।  

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমা। শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও প্রথম দিনে সব হলে টেকনিক্যাল সমস্যার কারণে শো চালাতে পারেননি। এ নিয়ে শাকিব ভক্তরা হতাশা ব্যক্ত করেছেন। চলুন জেনে নিই, আলোচিত ‘প্রিন্স’ সিনেমা দেখে কী বলছেন দর্শকরা— 

রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা। এ হলের প্রথম শো দেখে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রেক্ষাগৃহ থেকে বের হতে হতে একজন বলেন, “ভাই আমার কাছে অসাধারণ লাগছে। সিনেমার শেষ দৃশ্য দেখে মারাঠি সিনেমার মতো লাগছে। ব্যক্তিগতভাবে আমার কাছে সিনেমাটি খুব ভালো লাগছে।” 

আরেকজন দর্শক সংক্ষিপ্ত বয়ানে বলেন, “ভালো হয় নাই, ভালো হয় না।” দীর্ঘ দর্শক সারি থেকে একজন ‘ভুয়া ভুয়া!’ ধ্বনিতে সরব হন। তারপর তিনি বলেন, “এটা অতিরিক্ত ভুয়া সিনেমা। পচা সিনেমা, পচা সিনেমা। কোনো গল্প নাই। এ সিনেমায় লছ খাবে। সিনেমাটিতে বাংলাদেশের কোনো ভিলেন নাই। আর ভিলেনের লগে কোনো মারামারিও নাই।” 

অন্য একজন দর্শক হতাশার স্বরে বলেন, “সিনেমাটার কোনো আগামাথা নাই। সিনেমার গল্প মিলাইতে পারে নাই। সিনেমার কোনো আগামাথাই খুঁইজ্জ্যা পাই নাই। এমনিতে সিনেমা সেই হইছে, কিন্তু আগামাথা খুঁইজ্জ্যা পাই না। তবে পরবর্তীতে এ সিনেমার আরেক পার্ট আসলে হয়তো মিলাইতে পারবে। কিন্তু এ পার্টে মিলাইতে পারে নাই।”  

এরপর আরো কজন দর্শক সমস্বরে বলতে থাকেন—“ওয়াও! ওয়াও!” আবার কেউ কেউ বলেন, “শেষে গিয়ে ভালো লাগে নাই।” অনেকে আবার বলেছেন, “সেই হইছে।” একজন দর্শক শাকিব খানের লঙ্গি পরার দৃশ্যটির ভূয়সী প্রশংসা করেন। 

একজন নারী দর্শক বলেন, “শাকিব খানের মেয়ে ভক্ত আগের চেয়ে এখন বেড়েছে। আমার অ্যাকশন সিনেমা ভালো লাগে, রোমান্স বিরক্ত লাগে। সিনেমাটি অনেক ভালো লেগেছে। একেবারে তামিল মুভির মতো। ‘প্রিয়তমা’, ‘তুফান’ সিনেমার পর থেকে শাকিব খানের ভক্ত হয়েছি। আমাদের ইন্ডাস্ট্রির এখন একমাত্র সুপারস্টার শাকিব খান।” ‘প্রিন্স’ সিনেমা দেখে এমন অসংখ্য দর্শক মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে নেতিবাচকতার চেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া বেশি পাওয়া গেছে।  

শাকিব খান ছাড়াও ‘প্রিন্স’ সিনেমায় আরো অভিনয় করেছেন—তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। এটি তার অভিষেক চলচ্চিত্র।    

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়