ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সদরঘাটে নেই চিরাচরিত ভিড়, স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৩, ২৪ মার্চ ২০২৬
সদরঘাটে নেই চিরাচরিত ভিড়, স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবি: রাইজিংবিডি

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। আজ থেকে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খুলে যাওয়ায় রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা কর্মব্যস্ততায় ফিরছে। তবে প্রতি বছর ঈদের পর সদরঘাটে যে উপচে পড়া ভিড় দেখা যেত, এবার ছুটি পরবর্তী প্রথম দিনে সেই চিত্র দেখা যায়নি। ঈদ ফিরতি যাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষ সদরঘাট দিয়ে নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দেই ঢাকা ফিরছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে ঘাটে আসছে। তবে ঈদ ফিরতি যাত্রায় তুলনামূলক যাত্রীদের চাপ কম দেখা গেছে। এছাড়া ঈদ ফিরতি যাত্রায় নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা সদরঘাটে দেখা গেছে।

আরো পড়ুন:

বরিশাল থেকে আগত যাত্রী বেসরকারি চাকরিজীবী মো. শরীফুল ইসলাম বলেন, “অফিস খোলার প্রথম দিনেই ঢাকায় ফিরলাম। ভেবেছিলাম সদরঘাটে নামার পর মানুষের ভিড়ে লঞ্চ থেকে নামতেই যুদ্ধ করতে হবে। কিন্তু এসে দেখি চিত্রটা একদম উল্টো। কোনো ধাক্কাধাক্কি নেই, পন্টুন অনেকাংশে ফাঁকা। এমনকি ঘাটে নামার পর রিকশা বা সিএনজি পেতেও কোনো বেগ পেতে হয়নি। ফিরতি যাত্রায় এমন নিরিবিলি পরিবেশ গত কয়েক বছরে দেখিনি। আর বাড়তি ভাড়া রাখেনি। সবমিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ছিল।”

ভোলা থেকে আগত যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব মুশফিক বলেন, “লঞ্চে আসার সময় ডেকের ভেতরেও পর্যাপ্ত জায়গা ছিল। ঢাকায় নামার সময় মনেই হয়নি যে ঈদের ফিরতি যাত্রা চলছে। ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রীরা ভাগ হয়ে আসছে, যার ফলে কোনো একটি লঞ্চে উপচে পড়া ভিড় নেই। সদরঘাট এখন বেশ গোছানো আর পরিচ্ছন্ন। প্রশাসনের কড়া নজরদারিতে হকারদের উৎপাত না থাকায় নির্বিঘ্নেই বাসায় ফিরতে পারছি।”

পটুয়াখালী থেকে আগত যাত্রী এনজিও কর্মী জয়নাল আবেদীন বলেন, “সময়মতো লঞ্চ সদরঘাট এসে পৌঁছাইছে। আমি বাসায় ফিরে বিশ্রাম নিয়ে অফিসে যেতে পারবো। এবারের ঈদ ফিরতি যাত্রায় কোনো সমস্যা ছাড়াই আসতে পেরেছি। তবে কেবিন ভাড়া ২০০ টাকা বেশি রেখেছে। আগে সিঙ্গেল কেবিন ১০০০ টাকা ছিল, ঈদ উপলক্ষে ১২০০ টাকা নিয়েছে। টার্মিনালে নামার পর পর্যাপ্ত ট্রলি আর কুলি ভাইদের সহযোগিতা পাওয়ায় মালামাল নিয়ে কোনো টেনশন করতে হয়নি। যাত্রাটা বেশ আরামদায়ক ও নিরাপদ ছিল।”

পারাবত লঞ্চের ম্যানেজার মো. সুমন বলেন, “আজকে যাত্রীদের চাপ কম। অনেকে দুই-একদিন বেশি ছুটি নিয়েছে। আগামী ২৭ ও ২৮ তারিখে যাত্রীদের চাপ বেশি থাকতে পারে।”

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়