ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুলিশ সপ্তাহ-২০২৬

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানালেন পুলিশ কর্মকর্তারা 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১০ মে ২০২৬  
প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানালেন পুলিশ কর্মকর্তারা 

পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। পুলিশের কর্মঘণ্টার সুনির্দিষ্ট কোনো সময় নেই। ঝুঁকিভাতাসহ ওভার ডিউটি বাবদ এ সময় প্রধানমন্ত্রীর কাছে ৫০ শতাংশ ওভারটাইম বিলেরও দাবি জানানো হয়।

রবিবার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড থেকে এসব দাবিসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা চাকরি জীবন শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতি দাবি করেন। দাবিগুলো প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

প্যারেডে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে,  এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) অতিরিক্ত আইজিপিসহ পদস্থ পুলিশ কর্মকর্তারা।

তারা বলেন, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে স্বতন্ত্র পে স্কেল চালু আছে। দেশ ও জনগণের জন্য বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে। 

মামলা তদন্তের বেশির ভাগ কাজ করেন থানার এসআই। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্ত কাজে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত লোন ও মোটরসাইকেলের জ্বালানি খরচার বিল দাবি করেন বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার। 

তিনি বলেন, তদন্ত ব্যয় বেড়েছে। তদন্ত কাজে জড়িত এসআইদের জন্য থানা থেকে আলাদা কোনো যানবাহন নেই। মোটরসাইকেল কিনতে অগ্রীম সুদমুক্ত লোন ও জ্বালানি খরচ দিলে তদন্ত কাজে গতি বাড়বে। 

একইসঙ্গে কল্যাণ প্যারেডে ঝুঁকি ভাতাসহ ওভারটাইম ডিউটি বাবদ ভাতা দাবি উত্থাপন করেন একজন অতিরিক্ত পুলিশ পমমর্যাদার কর্মকর্তা। পুলিশের কর্মঘণ্টার সুনির্দিষ্ট কোনো সময় নেই উল্লেখ করে তিনি জানান, পুলিশের ডিউটি রোস্টারের বাইরে প্রায় দিনই ওভারটাইম ডিউটি করতে হয়। এ সময় ঝুঁকি ভাতার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। 

পুলিশ সদস্যরা যারা কনস্টেবল বা ইন্সপেক্টর সেখান থেকে রিটায়ার্ড করে। বিশেষ করে কনস্টেবলরা যাতে রিটায়ার্ডের আগে অন্তত একটা র‌্যাংক পদোন্নতি নিয়ে অবসরে যেতে পারে এ সময় সেই অনুরোধ জানানো হয়। অনারারি পদোন্নতি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত চাওয়া হয়েছে। পুলিশের থানা, ব্যারাক, থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেটি নতুন করে চালুর আর্জিও এ সময় জানানো হয়। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন। তিনি পুলিশের বার্ষিক প্যারেডে অংশগ্রহণ ও কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করেন।

আগামীকাল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। 

ঢাকা/এমআর//

সর্বশেষ

পাঠকপ্রিয়