ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রবাসী আয় ৯ দিনে ১০২ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১০ মে ২০২৬  
প্রবাসী আয় ৯ দিনে ১০২ কোটি ডলার

মে মাসের প্রথম ৯ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০২ কোটি ৯০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি।

রবিবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত ১০ মাসের বেশি সময়ে রেমিট্যান্স এসেছে তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চলতি মাসে ঈদ উল আযহা সামনে রেখে রেমিট্যান্সের গতি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স, জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

ঢাকা/নাজমুল //

সর্বশেষ

পাঠকপ্রিয়