ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমতার পতনে ১৪ বছর পর  চুল দাড়ি কাটলেন বৃদ্ধ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১০ মে ২০২৬  
মমতার পতনে ১৪ বছর পর  চুল দাড়ি কাটলেন বৃদ্ধ

১৪ বছর পর নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন পশ্চিমবঙ্গের ৬৩ বছরের বৃদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনে দীর্ঘ ১৪ বছর পর চুল দাড়ি কেটে তার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের আশুতোষ পাল । 

সক্রিয় বাম সমর্থক আশুতোষ বলেন, “২০১১ সালে পালা বদলের পর একটি ঘটনা আমার মনে দাগ কেটে যায়। দুষ্কৃতি রাজকে তৃণমূল সরকার কীভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সেসময় খবরে দেখেছিলাম। কলকাতার  একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়  থানায় গিয়ে সেই দুষ্কৃতকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই আমার আশঙ্কা হয়েছিল এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারে না। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন না হবে আবার এই চুল দাড়ি কাটব না। আজ ১৫ বছর ধরে অপশাসনে বিরক্ত মানুষ যে দলের মাধ্যমেই তাকে  হঠাক না কেন আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছি। রবিবার বেলা ১১ টায় রামচন্দ্রপুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার দীর্ঘ ১৪ বছর ধরে না কাটা চুলদাড়ি কেটে ফেলে সেই প্রতিজ্ঞার ইতি করব।”

আশুতোষের প্রতিজ্ঞা পূরণের সময় উপস্থিত ছিলেন এলাকার সাবেক বিধায়ক মহম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের বিধায়ক পদপ্রার্থী বিশ্বজিৎ মন্ডল, সিপিআইএম নেতা শংকর ঘোষ রবিউল হকসহ সিপিএম ও তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে দুপুরে আশুতোষ প্রায় ৫০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছেন। 

১৫ বছর বয়স থেকে ১৯৭৮ এর পঞ্চায়েত নির্বাচনের একজন বাম কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের শুরু আশুতোষের। ভোটার হওয়ার পর থেকেই কখনো ইটভাটা শ্রমিক, কখনো লরি শ্রমিক এর কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে  কাজ করেছেন। ২০১১ সালে পালাবদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসারে দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যায় আশুতোষের সাধের লরিটিও। এরপর কখনো ইটভাটা শ্রমিক, কখনো ছোট ব্যবসা করেও আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়