ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১০ মে ২০২৬  
ফেনী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

ফেনীর সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজিবি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সব বিওপি ও টহলদলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, মাদকদ্রব্য, গবাদি পশু ও ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এতে আরো বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য দিতে সীমান্তবাসীকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেছেন, “দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়