ছুটি শেষ, কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়
ছুটি শেষে ঢাকায় ফিরছেন লোকজন। ছবি: রাইজিংবিডি
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল তীব্র ব্যস্ততা আর উপচে পড়া ভিড়।
রেলওয়ে তথ্য কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩টি আন্তঃনগর ট্রেন ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ধূমকেতু, পর্যটক, নীলসাগর, মহানগর, সুন্দরবন, বুড়িমারী, রংপুর, তিতাস, একতা, রূপসী বাংলা, জয়ন্তিকা, অগ্নিবীণা ও মোহনগঞ্জ এক্সপ্রেস।
স্টেশনে ট্রেনগুলো একের পর এক প্ল্যাটফর্মে ভিড়তেই শত শত যাত্রীকে নেমে আসতে দেখা যায়। কারও হাতে ভারী লাগেজ, কারও কোলে শিশু, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ফিরছেন কর্মস্থলে। দীর্ঘ যাত্রার ক্লান্তি থাকলেও সবার চোখেমুখে ছিল কাজে ফেরার তাড়না।
চট্টগ্রাম থেকে আসা বেসরকারি চাকরিজীবী মঈনুল ইসলাম বলেন, “ঈদের ছুটি শেষ, অফিস খুলেছে। পরিবারের সঙ্গে সময়টা খুব ভালো কেটেছে, কিন্তু এখন আবার বাস্তবতায় ফিরতে হচ্ছে। ট্রেনে ভিড় ছিল, তবে সময়মতো পৌঁছাতে পেরে স্বস্তি লাগছে।”
দিনাজপুর থেকে ফেরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফতে সাবা বলেন, “ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। সিট পেলেও স্বস্তি ছিল না। অনেকেই দাঁড়িয়ে এসেছে। তারপরও নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে ভালো লাগছে।”
রাজশাহী থেকে আসা যাত্রী তরিকুল সুমন বলেন, “টিকিট পাওয়া কঠিন ছিল। স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসেছি। পরিবারের সবাইকে রেখে আসতে খারাপ লাগছে, কিন্তু কাজের জন্য তো ফিরতেই হয়।”
কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, “ঈদ-পরবর্তী ফিরতি যাত্রা সামাল দিতে নির্ধারিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালু করা হয়েছে। যাত্রীচাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তবে আমরা শৃঙ্খলা বজায় রেখে সেবা দেওয়ার চেষ্টা করছি।”
ঢাকা/এমএসবি/ইভা