ঈদের ছুটিতেও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন
ঈদের ছুটি মানেই আগে-পরে নানারকম ব্যস্ততা। উৎসব মানেই আনন্দ, মিলনমেলা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ। কিন্তু এই আনন্দঘন সময়েও অনেকে অজান্তেই মানসিক চাপে ভোগেন। অতিরিক্ত ব্যস্ততা, সামাজিক দায়বদ্ধতা, কেনাকাটার চাপ বা ব্যক্তিগত প্রত্যাশা—সব মিলিয়ে উৎসবের সময়টাও কখনো কখনো ক্লান্তিকর হয়ে উঠতে পারে। তাই আনন্দের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও সমান জরুরি।
উৎসবের ভিড় ও ব্যস্ততার মাঝেও নিজেকে কিছুটা সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে বা শেষে কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মনকে শান্ত রাখতে সাহায্য করে। এটি শরীরের স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখে এবং অস্থিরতা কমায়। একই সঙ্গে নিয়মিত মেডিটেশন করলে মনোযোগ বাড়ে এবং ভেতরের অশান্তি ধীরে ধীরে কমে যায়।
শরীর ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শরীরকে আরাম দিতে পারলে মনও স্বস্তি পায়। প্রোগ্রেসিভ মাংসপেশি শিথিলকরণ পদ্ধতি অনুসরণ করে শরীরের চাপ কমানো যায়। এতে শরীরের জমে থাকা উত্তেজনা দূর হয় এবং মানসিক প্রশান্তি ফিরে আসে। বিশেষ করে উৎসবের ব্যস্ত দিন শেষে এই পদ্ধতি বেশ উপকারী হতে পারে!
উৎসবের আনন্দ উপভোগ করতে গিয়ে কখনো কখনো দীর্ঘক্ষণ বসে থাকা বা ঘরের মধ্যে আটকে থাকার প্রবণতা দেখা যায়। কিন্তু মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি বা খোলা বাতাসে সময় কাটানো মন ভালো রাখার জন্য খুবই কার্যকর। হালকা হাঁটা শরীরে এন্ডোরফিন নিঃসরণ বাড়ায়, যা স্বাভাবিকভাবেই মনকে প্রফুল্ল করে তোলে।
এছাড়া সংগীত হতে পারে মানসিক প্রশান্তির একটি সহজ মাধ্যম। নিজের পছন্দের গান শোনা মনকে দ্রুত শান্ত করে এবং ইতিবাচক অনুভূতি তৈরি করে। ব্যস্ততার মাঝেও কিছুটা সময় নিয়ে গান শুনলে মানসিক চাপ অনেকটাই কমে যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নিজের ওপর অযথা চাপ না নেওয়া। উৎসব মানেই নিখুঁত হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করুন, প্রয়োজন হলে ‘না’ বলতে শিখুন এবং নিজের আরামকে অগ্রাধিকার দিন।
সব মিলিয়ে, উৎসবের প্রকৃত আনন্দ তখনই উপভোগ করা সম্ভব, যখন মন ভালো থাকে। তাই এই আনন্দের সময়টাতেও নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া জরুরি। ছোট ছোট সচেতন অভ্যাসই পারে উৎসবকে আরও আনন্দময় ও প্রশান্তিময় করে তুলতে।
ঢাকা/লিপি/শান্ত